Header Ads

Header ADS

তিলোত্তমার_বুফে

 

তিলোত্তমার_বুফে

ইমতিয়াজ 


রাত মাত্র আটচল্লিশটা বাজে

সমাজের দায়িত্বের মালা ফেলে দিয়ে

আমি হেঁটে  চলেছি অন্য  এক পৃথিবীর  খোঁজে 

যেখানে অরণ্য আর  নদীতে লুটিয়ে থাকবে ভালোবাসা

মন ভরে  পান করবো  সুপ্ত সকল আশা 

আমি ক্ষুধার্ত,  বড্ড  বেশী ক্ষুধার্ত

মেমসাহেবদের  দামি কুকুরের মতো ক্ষুধার্ত।

অথচ আমাকে তাড়া করছে ছোট্ট  নীল গাড়ি, 

যেখানে পেছনে বসে আছে যৌনতা আর ভালোবাসা। 

প্রাণ বাঁচাতে ঢুকে পড়লাম তিলোত্তমার বুফেতে

মায়াবী  সুগন্ধে মৃত হৃদয়  পেয়ে গেলো জীবন 

এমনি কোনো সুগন্ধে ডুবে থাকতো আমার ভুবন। 

বুফের দেয়ালের রং গাঢ়  হলুদ 

ঠিক যেন সেই ভার্সিটির  বন্ধুর  বাড়ি, 

যেখানে কোনো এক সোনালী  বিকেলে 

উড়িয়েছিলাম   প্রেমের  ঘুড়ি। 

বুফের ভেতরে উড়ছে ছোট্ট  কোকিল ছানা, 

আজ-অব্দি  তার বাবার নাম নেইকো  জানা। 


প্রথমে আমি খেয়ে ফেললাম ছাত্র,আর শিক্ষাব্যবস্থাকে

যেখনে যুবক তার বয়স, 

বিসিএসের গেজেটে বন্ধক রেখে 

হৃদয়ে আগ্নেয়গিরির চাপ আর হাতে রক্তজবার গুচ্ছ নিয়ে

প্রেমিকার বিয়ে খেতে যায়। 


আমি পুড়িয়ে ফেললাম প্রিয় নূপুর আর বাউলের গান 

আমি নষ্ট  করে দিলাম মৌলিক ছবি আর সেতারের তান। 

আমি কামড় দিলাম নির্বোধের হাতে ও পায়ে 

যে এখন কবিতার খাতা পোড়ানোর দায়ে জেলে বসে টিকটক করে। 

একটু একটু করে এগিয়ে আসছে সেই  নীল  গাড়ি 

যেখানে পেছনে বসে আছে যৌনতা আর ভালোবাসা। 


আমি খেয়ে ফেললাম  হায়দ্রাবাদি বিরিয়ানি

যেখানে  বাসমতি চালে ঢাকা পড়ে গেছে পররাষ্ট্রনীতি

মাংসের চাপে লেগে আছে নিষ্পাপের রক্ত, 

যে ছিলো প্রতিবেশী দেশের একনিষ্ঠ  ভক্ত।


আমি চর্বণ করলাম   ভন্ডামির মাজার

দাঁত  দিয়ে ছিঁড়ে  ফেললাম নকল এপ্রোন 

যারা কাফনের  মাঝেও টাকা লুকিয়ে রাখতে চায়। 

আমার  ঘাড়ে এসে বসলো সেই ছোট্ট  কোকিল ছানা 

আজ-অব্দি  তার বাবার নাম নেইকো জানা। 


বুফের একপাশে সীসার ক্যানভাসে 

ছবি আঁকছে  কোনো অচেনা তরুণী 

ঠোঁট যার বুনো গোলাপের   নির্যাসে ডুবানো 

ভাবলাম মৌমাছি  বেশে একটু   হুল ফোটাবো

অবশ্য  আমি  ফেসবুকের কবি 

আমার ইমোজি ফেমিনিস্টদের  কমেন্ট বক্সে, 

আমার উক্তি  সুশীলদের পক্ষে 

আর আমার অন্তর  রেপিস্টদের স্বর্গরাজ্যে।


সীসার ধোঁয়া  ফেমিনিস্টের চাদরে মুড়িয়ে 

দেহ ভরা নষ্ট  প্রেম নিয়ে গেলাম একটু এগিয়ে

হঠাৎ  নিউরন জাগ্রত হলো চেতনার জগতে 

এতো আমার প্রিয় ছোট বোন ; যে আজ রাতে বন্ধুর জন্মদিনে  বুফেতে খেতে  গিয়েছিল।


অতঃপর আমি খেলাম কৃষকের সোনালি ধান 

যা বালির দামে বিক্রি  হয় পতিতালয়ের হাটে 

সেই ধান গোসল  করে আসে তিলোত্তমার বুফেতে 

তৈরি হয় মোরগ পোলাও  আর কাচ্চি  বিরিয়ানি

বুফেতে খেতে খেতে বুকে ঢুকে গিয়ে কেউ বলে, 

"প্রিয়তমা তোমাকে বড্ড  বেশী  ভালোবাসি। "


আমি পান করলাম প্রিয় নদী 

যার জল দিয়ে তিলোত্তমার বুফেতে মদ তৈরি হয়

অন্তরে  ঢুকিয়ে নিলাম বোটকা, বিয়ার আর  তেল

যা দিয়ে নেতাদের  নিম্নাঙ্গ মালিস করা হয়। 

শেষরাতে আঙ্গুলের উপর বসলো ছোট্ট  কোকিল ছানা 

আজ-অব্দি  তার বাবার নাম নেইকো  জানা। 


অবশেষে নীলগাড়ি এসে থামলো বুফের দরজায় 

ক্ষমতার ছুরিতে হত্যা করলাম  কোকিল ছানাকে 

                        ছুঁড়ে  ফেলে দিলাম ভালোবাসা  

                         জয় হলো যৌনতার 

আমার চোখে আনন্দ, তিলোত্তমার চোখে অশ্রু 

আমার সমাজে সভ্য আমি তিলোত্তমার কাছে পশু।

           অথচ সেই কোকিল ছানার উৎপত্তি  হয়েছিল 

           তিলোত্তমার গর্ভ থেকে 

           আর এই সেই তিলোত্তমা  

           যে আমার  এক সময়ের প্রেমিকা ছিলো। 

আচ্ছা  সমাজে মানুষ  হত্যার বিচার হয় 

কিন্তু  ভ্রূণ হত্যার বিচার হয় না কেন? 


কোন মন্তব্য নেই

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Blogger দ্বারা পরিচালিত.